জাতীয় ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ্য কর্মকর্তাদের মূল্যায়নের ক্ষেত্রে পেশাগত সক্ষমতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা ও সামগ্রিক কর্মদক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৬ জুলাই) সকালে সেনাসদরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনীকে একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কর্মকর্তাদের পদোন্নতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচিত হয়। ফলে এখানে কোনো ধরনের রাজনৈতিক অনুকম্পা বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের স্থান থাকতে পারে না। কেবলমাত্র যাদের সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং পেশাগত উৎকর্ষ প্রমাণিত, তারাই পদোন্নতির যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
জাতীয় নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশেষ করে দেশের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে বেসামরিক প্রশাসনকে সার্বিক সহায়তা প্রদান করে বাহিনীটি জনগণের আস্থা অর্জন করেছে। দেশের মানুষের কল্যাণে সেনাবাহিনীর এই বহুমুখী ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সব স্তরের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে সকালে সেনাসদরে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান তাঁর স্বাগত বক্তব্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়ে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সেনাসদর সূত্র জানায়, এবারের নির্বাচনী পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীর যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পরবর্তী উচ্চতর পদে পদোন্নতির সুপারিশ করা হবে। পেশাগত রেকর্ড, নিষ্ঠা এবং নেতৃত্বের যোগ্যতা গভীরভাবে মূল্যায়ন করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনুষ্ঠানে সেনাসদরের শীর্ষ সামরিক কর্মকর্তা এবং উচ্চপদস্থ সামরিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।


