জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্ব গবেষণা ও নতুন ধানের জাত উদ্ভাবনে: হাওরে আসছে ব্রি ধান-১১৮

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্ব গবেষণা ও নতুন ধানের জাত উদ্ভাবনে: হাওরে আসছে ব্রি ধান-১১৮

কৃষি ও প্রাণিসম্পদ ডেস্ক

জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণাভিত্তিক কৃষি উন্নয়নে জোর দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে আগামী মৌসুমে হাওর অঞ্চলের জন্য আকস্মিক বন্যা ও শীত সহনশীল ‘ব্রি ধান-১১৮’ নামক নতুন ধানের জাত অবমুক্ত করা হবে। জাতটি আগাম রোপণ ও কর্তনযোগ্য হওয়ায় আগাম বন্যার হাত থেকে ফসল রক্ষা পাবে। এছাড়া আগামী বছর উপকূলীয় এলাকার জন্য একটি লবণাক্ততা সহনশীল ধানের জাত অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

কুমিল্লা সার্কিট হাউসে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সরকারের শীর্ষ প্রতিনিধি এসব পরিকল্পনার কথা জানান।

প্রতিবেদনে জানানো হয়, কুমিল্লা অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে স্থানীয় স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মৎস্য বিপণন ব্যবস্থা জোরদার ও তাজা মাছের বাজারজাতকরণে আধুনিক ল্যান্ডিং স্টেশন স্থাপনের সম্ভাব্যতা যাচাই চলছে। খাসজমি প্রাপ্তি সাপেক্ষে প্রস্তাবিত ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে।

প্রাণিসম্পদ খাতের স্বাবলম্বিতা অর্জনে দেশে বিদ্যমান ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র সম্প্রসারণের লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গবাদিপশু ও হাঁস-মুরগির প্রয়োজনীয় ভ্যাকসিনের পর্যাপ্ত স্থানীয় উৎপাদন সম্ভব হবে, যা বৈদেশিয় মুদ্রার ব্যয় ও ভ্যাকসিনের আমদানিনির্ভরতা হ্রাস করবে।

কৃষি উৎপাদন ব্যবস্থা সচল রাখতে দেশের চলমান খাল পুনঃখনন কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে এবং আগামী বছরেও শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা ধরা হয়েছে। অন্যদিকে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি পুনর্বাসনের আওতায় বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরণ করা হয়েছে। বন্যা পরবর্তী গবাদিপশুর সুরক্ষায় ও মারণব্যাধি প্রতিরোধে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিনামূল্যে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

উক্ত মতবিনিময় সভায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ