রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১২

রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, বিভাগে মোট প্রাণহানি ১২

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শাওন নামের নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। মৃত শাওন নীলফামারী সদর উপজেলার সুইট মিয়ার ছেলে। রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০ জন হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে লালমনিরহাট জেনারেল হাসপাতালে ১ জন, নীলফামারীতে ৫ জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ মার্চ থেকে ২ আগস্ট পর্যন্ত রংপুর বিভাগে মোট ২ হাজার ১৫০ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৫২ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম একটি দ্রুত সংক্রামক ব্যাধি যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। রংপুর বিভাগে ক্রমাগত উপসর্গযুক্ত রোগী শনাক্ত এবং মৃত্যুর ঘটনা স্বাস্থ্য ব্যবস্থার জরুরি মনোযোগ দাবি করে। অঞ্চলটিতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারকরণ, দ্রুত শনাক্তকরণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তারা।

শীর্ষ সংবাদ সারাদেশ