জাতীয় ডেস্ক
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, তসলিমা নাসরিন স্বদেশে ফিরতে চাইলে তাকে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে আবেদন করতে হবে; এর ওপর ভিত্তি করেই সরকার আইনানুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
অতীতের নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান জানান, ভুক্তভোগী হিসেবে তসলিমা নাসরিন দেশে ফিরে আইনি সহায়তা চাইলে সেই সুযোগ পাবেন। ফৌজদারি অপরাধের বিচারিক প্রক্রিয়া তামাদি হয় না উল্লেখ করে তিনি বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে আদালতে মামলা দায়েরের পূর্ণ অধিকার তার রয়েছে।
একই সংবাদ সম্মেলনে দেশের পররাষ্ট্রনীতি ও ভূরাজনৈতিক অবস্থান স্পষ্ট করে উপদেষ্টা বলেন, সরকার কোনো ধরনের রাজনৈতিক বা আন্তর্জাতিক চাপে নেই। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া ও ইরানসহ সব রাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হচ্ছে। এছাড়া চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।


