জাতীয় ডেস্ক
সরকারের কাজ ও অর্পিত দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করেছেন, দায়িত্ব পালনে শিথিলতা দেখা দিলে দায়ী ব্যক্তি আমলাতন্ত্রের কিংবা রাজনৈতিক অঙ্গনের—যিনিই হন না কেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শক্ত হাতে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে কাজ সম্পাদনে নিয়োজিতদের উৎসাহিত ও অনুপ্রাণিত করা হচ্ছে।
শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনার আয়োজন করে সংশ্লিষ্ট সংস্থা।
প্রশাসনিক কঠোরতার পাশাপাশি জ্ঞানচর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বিএনপির এই মুখপাত্র বলেন, মানবসভ্যতার অগ্রগতি, বিকাশ ও অন্ধকার দূরীকরণে বইয়ের কোনো বিকল্প নেই। বিজ্ঞানের যাবতীয় আবিষ্কার ও তত্ত্ব বই আকারে সংরক্ষিত হয়েছিল বলেই পরবর্তী প্রজন্ম তা চর্চা করে নিত্যনতুন উদ্ভাবন সম্ভব করেছে। ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হলে বিশ্বজগৎ অন্ধকার থেকে যায় উল্লেখ করে তিনি বইকে ‘মনের জগতের পাসপোর্ট’ হিসেবে অভিহিত করেন।
বর্তমান সরকারের বিগত পাঁচ মাসের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং প্রশাসনিক পদক্ষেপের চিত্র তুলে ধরে রিজভী বলেন, মেয়াদের শুরুতেই সামাজিক নিরাপত্তা জোরদারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, খাল খনন কর্মসূচির পুনরুজ্জীবন এবং আসন্ন হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া বিদ্যমান গ্যাস সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপসমূহ ইতিমধ্যে কার্যকর ভূমিকা রাখছে। নির্বাচনের পূর্বে জনগণের সামনে পেশ করা প্রতিশ্রুতিসমূহ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা প্রধানমন্ত্রী সরাসরি সরেজমিনে পরিদর্শন ও তদারকি করছেন।
সরকারের বিরুদ্ধে সংঘটিত সার্বিক অপপ্রচার প্রতিরোধে তথ্যের বস্তুনিষ্ঠ উপস্থাপনের গুরুত্ব উল্লেখ করে তিনি জানান, প্রকাশিত গ্রন্থটি সরকারের পাঁচ মাসের উন্নয়ন ও প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। এটি বিরোধী পক্ষ বা সমালোচকদের বিভ্রান্তিকর অপচেষ্টা ও রাজনৈতিক অপপ্রচার নস্যাৎ করতে প্রামাণ্য তথ্য-উপাত্ত হিসেবে ভূমিকা রাখবে।
সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান এবং ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদ আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।


