জাতীয় ডেস্ক
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য ব্যক্ত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালীকরণ, কর্মমুখী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রাথমিক শিক্ষা শেষ করার পরও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলোতে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারছে না। শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী করতে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধাপে ধাপে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
দেশে প্রাইভেট টিউশনের ওপর অতিরিক্ত নির্ভরতার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষের মূল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই বিদ্যালয়েই শিক্ষার পূর্ণাঙ্গ পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের কথা বিবেচনা করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে খেলাধুলাকে শিক্ষার অন্যতম উপাদান হিসেবে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।


