গাজীপুরের টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি

গাজীপুরের টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ফুটওভার ব্রিজের দাবি

জাতীয় ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে সহপাঠীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে এবং অবিলম্বে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টা থেকে হাজারো শিক্ষার্থী গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, এতে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রী ও যানবাহন চালক।

ঘটনার সূত্রপাত ঘটে শনিবার সন্ধ্যায়। টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আরাফাত গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার করুণ মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করতে সক্ষম হলেও চালক কৌশলে পালিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে এবং একই স্থানে বারবার দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে তামীরুল মিল্লাত মাদ্রাসার সামনের অংশে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে নানা স্লোগান দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী যাতায়াত করেন। মহাসড়কে কোনো পারাপারের নিরাপদ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত চরম জীবনঝুঁকি নিয়ে তাদের রাস্তা পার হতে হয়। শনিবার রাতে এক শিক্ষার্থীর প্রাণহানির পর তারা স্থায়ী সমাধানের লক্ষ্যে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে নিরাপদ পথচারী পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

সড়ক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাবে টঙ্গী, গাজীপুর ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। জরুরি সেবার যানবাহনসহ সাধারণ পরিবহনগুলো স্থবির হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যান চলাচল চালু করতে শিক্ষার্থীরা যাতে সড়ক ছেড়ে দেয়, সে জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে সড়কের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে খবর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের যুক্তিসংগত দাবিগুলো বিবেচনা করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ