ন্যায্য মূল্যায়নের মাধ্যমেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

ন্যায্য মূল্যায়নের মাধ্যমেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে

শিক্ষা ও মানবসম্পদ ডেস্ক

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শতভাগ নির্মোহ ও বস্তুনিষ্ঠ মূল্যায়নের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে কৃত্রিমভাবে পাসের হার বা জিপিএ-৫ বাড়ানোর যে প্রবণতা বা সংস্কৃতি ছিল, বর্তমান সরকার সেখান থেকে পুরোপুরি বের হয়ে এসেছে। প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনায় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রকৃত যোগ্যতাকে প্রাধান্য দিয়ে শিক্ষাব্যবস্থায় সংস্কার আনা হয়েছে। পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল এবং সে অনুযায়ী শিক্ষকবৃন্দ নির্মোহভাবে উত্তরপত্র মূল্যায়ন করেছেন। ফলে প্রকাশিত ফলাফলে পরীক্ষার্থীদের প্রকৃত শিক্ষাগত যোগ্যতার প্রতিফলন ঘটেছে।

পরীক্ষার্থীদের ফলাফলের বিষয়ে তিনি বলেন, কঠোর ও সঠিক মূল্যায়নের পর যারা ভালো ফল করেছে তাদের পরিশ্রমের স্বীকৃতি মিলেছে। কৃতকার্য শিক্ষার্থীদের পাশাপাশি অনুত্তীর্ণ বা কাঙ্ক্ষিত ফল না পাওয়া পরীক্ষার্থীদের পাশেও সরকার থাকবে। পরীক্ষা শেষ নয়, বরং ভুলগুলো শুধরে ভবিষ্যতে ভালো করার সুযোগ রয়েছে। অসফল পরীক্ষার্থীরা যেন পরবর্তী সময়ে সফল হতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এবং বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শীর্ষ সংবাদ