বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩টি ডিজিটাল সেবার উদ্বোধন: পেপারলেস ক্যাম্পাসের পথে নতুন ধাপ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩টি ডিজিটাল সেবার উদ্বোধন: পেপারলেস ক্যাম্পাসের পথে নতুন ধাপ

আইটি ও শিক্ষা ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আধুনিকায়নের লক্ষ্যে দুটি নতুন সফটওয়্যার এবং একটি মোবাইল অ্যাপ্লিকেশন আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সেবাগুলোর উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের উদ্যোগে বাস্তবায়িত এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে—মাস্টার্স পর্যায়ের পরীক্ষার বিল ও সম্মানি অনলাইনে সম্পাদনের ব্যবস্থা, পিএইচডি পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার সফটওয়্যার এবং আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য প্রাতিষ্ঠানিক ডিজিটাল ই-ডায়েরি অ্যাপ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল সেবাগুলোর শুভসূচনা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বলেন, এসব উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সেবায় গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি কর্মপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হবে।
অনুষ্ঠানের সভাপতি ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী জানান, স্নাতক পর্যায়ের পর এবার পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স) পর্যায়ের পরীক্ষার পারিতোষিক বিল ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হলো। বিশ্ববিদ্যালয়ের এনটারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সিস্টেমের মাধ্যমে শিক্ষকরা সরাসরি অনলাইনে এই বিল জমা দিতে পারবেন, যা একটি পেপারলেস ক্যাম্পাস গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
একইসঙ্গে পিএইচডি ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের মাধ্যমে যাবতীয় আবেদন, ফরম পূরণ ও ভর্তি ফি জমা দেওয়ার সুবিধা পাবেন। অন্যদিকে, অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ব্যবহারকারীদের সুবিধার্থে ‘মাই-বাউ (MyBAU)’ নামে সমন্বিত ই-ডায়েরি অ্যাপটি শিগগিরই অ্যাপ স্টোরে উন্মুক্ত করা হবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির এবং অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা।
তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ