প্রযুক্তিভিত্তিক নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষতা উন্নয়নের তাগিদ তথ্যমন্ত্রীর

প্রযুক্তিভিত্তিক নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষতা উন্নয়নের তাগিদ তথ্যমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিভিত্তিক নতুন ইকোসিস্টেমের ফলে তৈরি হওয়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ সমাজকে উপযুক্ত তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতার মাধ্যমে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক উদ্ভাবনের যুগে পুরোনো অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে নতুন সংকট সামাল দেওয়া সম্ভব নয়। তাই তরুণদের হাতকে শক্তিশালী করাই রাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল দায়িত্ব।
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়। এ বছরের আন্তর্জাতিক যুব দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথি ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
বক্তব্যে তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক ব্যবস্থার দ্রুত বিবর্তনের কারণে ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি অনুমান করা কঠিন হয়ে পড়েছে। জ্ঞান কোনো স্থির বিষয় নয়, বরং এটি গতিশীল। নতুন প্রযুক্তি ও বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রাকৃতিক সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যমান। কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার পাশাপাশি ডিজিটাল বিশ্বের নতুন নতুন সংকটের মুখোমুখী হতে হচ্ছে সমাজকে। অথচ আন্তর্জাতিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতার প্রাতিষ্ঠানিক রূপান্তর এখনো কাঙ্ক্ষিত স্তরে পৌঁছায়নি। জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক সংস্থাকে তরুণদের কেন্দ্র করে এই জ্ঞান ও দক্ষতা রূপান্তর প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জাতীয় পর্যায়ে যুব সমাজের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, তরুণদের সক্ষমতার ওপর আস্থা রেখে ক্রীড়ার বিস্তার, সৃজনশীলতার প্রশিক্ষণ এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রমে সরকারের তরফ থেকে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণদের নেতৃত্ব বিকাশের বিকল্প নেই।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা প্রযুক্তিগত বৈষম্য দূর করে যুবসমাজকে সঠিক কর্মসংস্থান ও আধুনিক দক্ষতায় সজ্জিত করার বিষয়ে একমত পোষণ করেন।
জাতীয় তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ