সারাদেশ ডেস্ক
চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিশেষভাবে পরিচালিত ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে দুটি বাস নিয়ে এই সেবার যাত্রা শুরু হয়েছে, যার চালক ও সহকারী উভয় পদেই দায়িত্ব পালন করবেন নারীরা।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় বেলুন উড়িয়ে এই নতুন বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। রুট অনুযায়ী বাস দুটি কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে ছেড়ে নগরীর ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। যাতায়াতকারী নারী যাত্রীদের সুবিধার্থে পুরো রুটে ১২টি নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে তারা নিরাপদে ওঠানামা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ। বক্তব্যে তিনি উল্লেখ করেন, গণপরিবহনে নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল এবং এই উদ্যোগের মাধ্যমে সেই অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। তিনি আরও জানান, পরিবহন খাতে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং তাদের সার্বিক নিরাপত্তা বিধানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চালু হওয়া দুটি বাসের মধ্যে একটি দ্বিতল বাসে মোট ৭৫টি আসন রয়েছে, যা পরিচালনার দায়িত্বে থাকবেন একজন নারী চালক ও দুজন সহকারী। অপর একতলা বাসটিতে রয়েছে ৪৫টি আসন, যেখানে একজন নারী চালক ও একজন নারী সহকারী দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে প্রতিদিন বিপুলসংখ্যক কর্মজীবী নারী, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ গণপরিবহন ব্যবহার করেন। তবে পিক আওয়ারে অতিরিক্ত ভিড়, সাধারণ বাসে আসনসংকট এবং নিরাপত্তাহীনতার কারণে নারীদের প্রতিনিয়ত নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়। সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত এই বিশেষ বাস সার্ভিস চালুর ফলে নগরীর নারী যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে হ্রাস পাবে। একই সঙ্গে প্রচলিত পুরুষপ্রধান পরিবহন খাতে নারীদের চালক ও সহকারী হিসেবে অন্তর্ভুক্তি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
কর্তৃপক্ষ আরও জানায়, প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে এই রুট চালু করা হলেও এটি মূলত একটি পাইলট প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছে। যাত্রীদের নিয়মিত চাহিদা, রুটের উপযোগিতা এবং সেবার সার্বিক মান পর্যালোচনার ভিত্তিতে ভবিষ্যতে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও এ ধরনের বাসের সংখ্যা ও পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলম এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।


