আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অব্যাহত

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা অব্যাহত

অর্থ বাণিজ্য ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা চতুর্থ দিনের মতো বৃদ্ধি পেয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংঘাতের স্থায়ী সমাধান এবং শান্তিচুক্তির আশা ক্রমান্বয়ে ফিকে হয়ে আসায় বৈশ্বিক বিনিয়োগকারী ও পুঁজিবাজার বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বুধবার বিশ্ববাজারে তেলের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলাারে উন্নীত হয়েছে। এর পাশাপাশি মার্কিন মানদণ্ড হিসেবে পরিচিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বৃদ্ধি পেয়ে ৮৫ দশমিক ৩১ ডলারে কেনাবেচা হচ্ছে। এর আগে গত ২৪ জুলাইয়ের পর জ্বালানি তেলের এই বাজারদর মঙ্গলবার সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছিল।
বিশেষজ্ঞদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়ে ওয়াশিংটন ও তেহরানের পরস্পরবিরোধী ও কঠোর অবস্থান। প্রণালীটির নিয়ন্ত্রণ এবং এর মধ্য দিয়ে নিরাপদ বাণিজ্যিক জাহাজ চলাচল বজায় থাকা নিয়ে উভয় পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রণালীটি খোলা রয়েছে বলে দাবি করা হলেও, ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণে তেল পরিবহন ব্যাহত হওয়ার ঝুঁকি পুরোপুরি কাটেনি।
এই সরবরাহ সংকটের বহুমুখী প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ায় জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলো বিকল্প পথ ও কৌশল নিয়ে কাজ করছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকলে তা বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ