সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন আগামীকাল, প্রতিদ্বন্দ্বিতায় ফখরুল ও অলি

সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন আগামীকাল, প্রতিদ্বন্দ্বিতায় ফখরুল ও অলি

জাতীয়  ডেস্ক
দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে বৈধ প্রার্থী হিসেবে এই দুই নেতার মধ্যে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংসদ কক্ষে নির্দিষ্ট সময়ে ভোটগ্রহণ শুরু হবে। ভোট শুরুর পূর্বে নির্বাচনকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের ভোটদানের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।
নির্বাচন পরিচালনা সংক্রান্ত নিয়ম অনুযায়ী, ব্যালট পেপার দুটি অংশে বিভক্ত থাকবে—মুড়ি অংশ এবং মূল ব্যালট পেপার। মুড়ি অংশে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম এবং বিভক্তি নম্বর উল্লেখ থাকবে। সংশ্লিষ্ট সংসদ সদস্য নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার পর ব্যালট পেপার গ্রহণ করবেন। মূল ব্যালট পেপারের ডান দিকে বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম মুদ্রিত থাকবে। প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা স্বাক্ষর ও নাম লিখে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোটদান সম্পন্ন হওয়ার পর নির্ধারিত ব্যালট বাক্সে তা জমা দিতে হবে। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পরপরই ভোট গণনার কাজ শুরু হবে। মোট ভোটার সংখ্যা এবং কতজন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন, তার নিখুঁত হিসাব করা হবে। এছাড়া বৈধ ও বাতিলকৃত ব্যালটের সংখ্যা পৃথকভাবে নির্ধারণ করার পর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোটের হিসাব সম্পন্ন করা হবে। গণনায় সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর ফলাফল আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে।
জাতীয় শীর্ষ সংবাদ