জাতীয় ডেস্ক: দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের প্রকাশ্য ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এরপরই শুরু হবে ভোট গণনা এবং নির্ধারিত বিধি অনুযায়ী বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
যেভাবে ভোট দেবেন সংসদ সদস্যরা
নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংসদ সদস্যরা ধাপে ধাপে ভোট প্রদান করবেন—
-
সংসদ সচিবালয়ের দেওয়া পরিচয়পত্র সঙ্গে নিয়ে সংসদ কক্ষে প্রবেশ করতে হবে।
-
নিজ নিজ আসনে বসার পর সহায়ক কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বরসংবলিত ব্যালট পেপার গ্রহণ করবেন।
-
ব্যালটের কাউন্টার ফয়েলে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখে সেটি কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
-
এরপর ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্ধারিত স্থানে নিজের পূর্ণ নাম লিখেই ভোট প্রদান করবেন।
-
ভোট দেওয়া শেষে ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে।
-
কোনো কারণে ব্যালট নষ্ট হলে তা নির্বাচনকর্তার কাছে জমা দিয়ে নতুন ব্যালট নেওয়ার সুযোগ থাকবে।
ভোটকক্ষে যেসব নিয়ম থাকবে
ভোটগ্রহণ চলাকালে সংসদ কক্ষে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে কয়েকটি নির্দেশনা অনুসরণ করা হবে।
-
কোনো ধরনের নির্বাচনি প্রচার বা প্রচারণামূলক কার্যক্রম চালানো যাবে না।
-
ভোটকক্ষে বক্তব্য বা ভাষণ দেওয়ার সুযোগ থাকবে না।
-
ভোট প্রদানে কোনো জটিলতা দেখা দিলে চিফ হুইপ বা বিরোধীদলের চিফ হুইপের সহায়তা নেওয়া যাবে।
-
ব্যালট পেপারে স্বাক্ষরের পরিবর্তে সংসদ সদস্যদের পূর্ণ নাম লিখতে হবে।
ভোট গণনা যেভাবে হবে
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে।
প্রথমে মোট প্রদত্ত ভোটের সংখ্যা নির্ধারণ করা হবে। এরপর বৈধ ও বাতিল ব্যালট আলাদা করা হবে এবং অব্যবহৃত ব্যালটের হিসাব মিলিয়ে দেখা হবে। সবশেষে প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করবেন নির্বাচনকর্তা।
কখন জানা যাবে ফলাফল?
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোট রয়েছে। সংসদ সদস্যরা আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটগ্রহণ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে গণনাও আগে শুরু করা যেতে পারে। গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং পরে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে।


