জাতীয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার

জাতীয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার

শিক্ষা ডেস্ক
শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২৪ আগস্ট) সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত এক ঘোষণায় মন্ত্রী জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীতে পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষার সঠিক চর্চা আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি উল্লেখ করেছিলেন যে, বর্তমান সরকার শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন এবং নৈতিক সমাজ গঠনে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসন দৃঢ় করার উদ্দেশ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মননশীলতা ও নৈতিক চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে শৈশব ও কৈশোর থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। বর্তমান সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিক শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে যুক্ত হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
জাতীয় শীর্ষ সংবাদ