স্বল্প সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বল্প সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক
দায়িত্ব গ্রহণের পর দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির তাৎক্ষণিক ও বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে একটি ভঙ্গুর উত্তরাধিকার ও বিশৃঙ্খল কাঠামোর মধ্য দিয়ে বর্তমান সরকারকে আইনশৃঙ্খলা দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। তবে সরকার জনগণের আকাশসম প্রত্যাশা পূরণে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে একটি জনবান্ধব ও দক্ষ বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত এক দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে সংঘটিত প্রতিটি অপরাধের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে সক্ষম হয়েছে। এ সময় তিনি দেশের সাম্প্রতিক আলোচিত বিভিন্ন অপরাধমূলক ঘটনার উদাহরণ দিয়ে বলেন, সম্প্রতি রংপুরে ঘটা একটি অনভিপ্রেত ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই জড়িতদের আইনের মুখোমুখি করা হয়েছে। এছাড়াও রামিসা হত্যাসহ জাতীয়ভাবে আলোচিত বা কম আলোচিত প্রতিটি অপরাধের সুনির্দিষ্ট আইনি প্রতিকার নিশ্চিত করা হয়েছে এবং আসামিদের আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করা হয়েছে। ক্ষেত্রবিশেষে বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতেও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের গত ছয় মাসের কার্যক্রমে পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীর মনোবল ও কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর দশা কাটিয়ে বর্তমান প্রশাসন বাহিনীকে একটি শক্ত অবস্থানে ফিরিয়ে এনেছে। বাহিনীকে আধুনিকায়ন, সদস্যদের মনোবল চাঙ্গা করা এবং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে অনুপ্রাণিত করার ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতেও প্রয়োজনীয় সংস্কার আনা হচ্ছে, যাতে তাদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নিয়মিত পুরস্কার, সনদ ও পদক প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
পুলিশকে একটি জনবান্ধব বাহিনীতে রূপান্তর করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও সুনির্দিষ্ট নির্দেশনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে পর্যায়ক্রমে এমন একটি সন্তোষজনক পর্যায়ে উন্নীত করা হবে, যা জনগণের সব প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। তবে এই লক্ষ্য অর্জনে তিনি গণমাধ্যমকর্মীসহ দেশের সর্বস্তরের সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। বিশেষ করে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
জাতীয় শীর্ষ সংবাদ