সুইজারল্যান্ডের আরাউ শহরে রেভ পার্টিতে বন্দুক হামলা: নিহত ১, আহত ৫

সুইজারল্যান্ডের আরাউ শহরে রেভ পার্টিতে বন্দুক হামলা: নিহত ১, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলের আরাউ শহরে একটি রেভ পার্টিতে বন্দুক হামলায় একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে সুইস পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আহতদের কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সুইস পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশটির আরগাউ ক্যান্টনের আরাউ শহরের একটি হিপোড্রোমে এই হামলার ঘটনা ঘটে। রেভ পার্টি চলাকালীন হঠাৎ করেই সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। পুলিশ কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে ঘটনাস্থলে পরপর কয়েকটি গুলির শব্দ শোনা গেছে, যা উপস্থিত মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলেন এবং উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসাধীনদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, এই হামলার পর থেকেই পলাতক হামলাকারীকে গ্রেফতারে ব্যাপক অভিযান শুরু করেছে আরগাউ ক্যান্টন পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলাকারীর পরিচয় নিশ্চিত করতে পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে। ঘটনার সময় ধারণকৃত কোনো ভিডিও বা ছবি সাধারণ মানুষের কাছে থেকে থাকলে তা অবিলম্বে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। এই আকস্মিক সহিংসতার ঘটনায় পুরো সুইজারল্যান্ডজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইউরোপীয় দেশটিতে এ ধরনের বন্দুক হামলার ঘটনা বিরল হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ