আইন আদালত ডেস্ক
মাগুরার আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর হাইকোর্ট আজ রায় ঘোষণা করবেন। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।
এর আগে গত ২৩ আগস্ট এই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর উভয় পক্ষের শুনানি শেষ হয়। পরে গত ২৫ আগস্ট মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করে আদালত।
২০২৫ সালের মার্চ মাসে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নৃশংস নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনার পর নিহতের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে একই বছরের ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২৩ এপ্রিল বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতের বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
সাক্ষ্যপ্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর এই মামলায় প্রধান আসামি হিটু শেখকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। তবে মামলার বিচারে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অপর তিন আসামিকে খালাস প্রদান করেন। বিচারিক আদালতের এই রায়ের পর আইন অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিপক্ষ জেল আপিল করে। আজ উচ্চ আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করতে যাচ্ছেন।


