প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর নিয়ে ঢাকা থেকে কোনো বার্তা পায়নি দিল্লি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারতে দ্বিপাক্ষিক সফর নিয়ে ঢাকার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারত।

আজ (১৫ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত দ্বিপাক্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আমরা এখন পর্যন্ত কিছু শুনিনি। এ বিষয়ে কোনো হালনাগাদ তথ্য থাকলে আমরা তা যথাসময়ে আপনাদের জানাব।'

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে—সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বক্তব্য এলো।

অন্য এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আলাদা আমন্ত্রণ জানানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য নিমন্ত্রণ জানিয়েছিল ভারত।

রণধীর জয়সওয়াল বলেন, 'সুতরাং, তিনি দুটি নিমন্ত্রণ পেয়েছিলেন—একটি দ্বিপাক্ষিক সফরের জন্য এবং অপরটি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।'

এদিকে, বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানির জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোনো অনুরোধ জানানো হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।'

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়