ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : প্রযুক্তি, উৎপাদনশীলতা ও সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়িয়ে বাংলাদেশের শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও জোরদার করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আজ সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন ঢাকা ইপিজেডে এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের একটি ‘স্মার্ট ওয়্যারহাউজ’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগের মাধ্যমে মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে।
তিনি জানান, তৈরি পোশাক ও জুতা (ফুটওয়্যার) শিল্পের জন্য প্রয়োজনীয় লেবেল ও সংশ্লিষ্ট পণ্য দ্রুত এবং দক্ষতার সঙ্গে সরবরাহের লক্ষ্যে ৮৩০ বর্গমিটার আয়তনের এই স্মার্ট ওয়্যারহাউজ তৈরি করা হয়েছে। ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থার এই ওয়্যারহাউজে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন সংরক্ষণসহ পণ্য গ্রহণ, অর্ডার অনুযায়ী সংগ্রহ, প্যাকেজিং ও সরবরাহের সব কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানের আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা ইপিজেডের জোন কার্যালয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যাশা প্রকাশ করে।
বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রযুক্তিনির্ভর এসব বিনিয়োগ ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়িয়ে দেশের সামগ্রিক রপ্তানি খাতকে আরও শক্তিশালী করছে।
উল্লেখ্য, প্যাক্সার বাংলাদেশ লিমিটেড ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে কার্যক্রম চালিয়ে আসছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রায় ৮১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যেখানে বর্তমানে প্রায় ১ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান রয়েছে।

