সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ। আজ জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হার ১-০ গোলে। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এই টানা দুই হারে টুর্নামেন্ট থেকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। আগামী ১ অক্টোবর গ্রুপ পর্যায়ে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচ স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

সিঙ্গাপুরের বিপক্ষে খেলার প্রথম ১৫ মিনিট দারুন খেলে বাংলাদেশ। এরপর দক্ষতা দেখাতে শুরু করে সিঙ্গাপুর। কুলিং ব্রেকের পর সফল হয় তারা। বাংলাদেশের প্রতিরোধ ভেঙে ৩৫ মিনিটে গোল আদায় করে নেয় দলটি। বাম দিক থেকে পাওয়া এক ক্রস থেকে হেডে গোল করেন সিঙ্গাপুরের স্টুয়াট। বাংলাদেশ গোলরক্ষক শ্রাবণের কিছু করার ছিল না। এর আগে দারুন একটি সেভ করেন তিনি। অবশ্য ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আরেকটি সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। দুই মিনিট পর বাংলাদেশ গোলপোস্ট থেকে বল ফিরে না আসলে ২-০ গোলে এগিয়ে যেতে পারত সিঙ্গাপুর। প্রথমার্ধে বাংলাদেশ সেই ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারিনি। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে বাংলাদেশ। খেলার গতি বাড়ায় তারা। ৬৪ মিনিটে শমিতের হেডে বল চলে যায় সিঙ্গাপুরের গোলপোস্টের উপর দিয়ে। এরপর আরো সুযোগ পেলেও গোল পায়নি বাংলাদেশ।

সিঙ্গাপুর ম্যাচে চার পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। প্রথম একাদশে জায়গা পান অধিনায়ক জামাল ভূঁইয়া। একাদশে ফেরেন শেখ মোরসালিন, জায়ান আহমেদ ও ইউসুফ জিদান।

জাতীয়