জাপানে রোদের ছোঁয়ায় উষ্ণ বাংলাদেশের আশা

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

অবশেষে দেখা গেল সূর্যের মুখ! জাপানে যাওয়ার পর থেকে বৃষ্টির কাছে অসহায়ত্বেই দিন কাটছিল বাংলাদেশের ক্রিকেটারদের। সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের অনেকেরই দেখা গেছে ছাতা হাতে ছবি। ভেসে গেছে মাঠের ক্রিকেট। আবহাওয়া নিয়ে দুর্ভাবনা ছিল সেমি-ফাইনাল ঘিরেও। তবে সেই লড়াইয়ের আগের দিন ঝলমলে রোদে অনুশীলন করতে পেরেছে লিটন কুমার দাস। জেগে উঠেছে মাঠের লড়াইয়ের আশাও।

এশিয়া গেমস ক্রিকেটের চারটি কোয়ার্টার-ফাইনালই ভেসে গেছে বৃষ্টিতে। র‌্যাঙ্কিং অনুযায়ী বাছাইয়ে এগিয়ে থাকায় সেমি-ফাইনালে উঠেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ না খেলে জয় পেলেও সেমি-ফাইনাল ঘিরে আছে উল্টো শঙ্কা। ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে হলে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠে যাবে পাকিস্তান, শেষ হয়ে যাবে বাংলাদেশের সোনার আশা।

আবহাওয়ার পূর্বাভাসে সেমি-ফাইনালেও বৃষ্টির শঙ্কা ছিল। তবে বুধবার ঝলমলে রোদে অনুশীলন করতে পেরেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে তাই আশার অনুরণন শোনা গেল বাংলাদেশ দলের ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরির কণ্ঠে।

“জাপান আসার পর মনে হয় এই প্রথম আমরা রোদ দেখলাম। ভালো লাগছে, আজকে ভালোমতো একটু মাঠে আমরা নামতে পেরেছি। আশা করি কালকেও আমরা ভালো আবহাওয়া পাব খেলার জন্য।”

ম্যাচ হওয়া তো দূরের কথা, গত কয়েক দিনে অনুশীলনও করতে পারেননি ক্রিকেটাররা। ইয়াসির জানালেন, মানসিকভাবে নিজেদের চাঙা রাখার চেষ্টা করেছেন তারা।

“অনুশীলন হয়নি, তবে আমরা সবসময় মানসিকভাবে প্রস্তুতি রাখি নিজেকে। যতটা নিজেকে মাঠে রাখা যায়… যেমন পুরো দল মিলিয়ে জিম সেশন ছিল আমাদের। অনুশীলন করতে পারিনি, তবে মাঠে এসেছিলাম, ফুটবল মাঠে আমরা প্র্যাকটিস করেছিলাম, ফুটবল খেলেছিলাম। যতটুক পেরেছি, মানসিকভাবে তৈরি থাকার চেষ্টা করেছি।”

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের উইকেট নিয়েও খানিকটা ধারণা দিয়ে রাখলেন ইয়াসির।

“উইকেট দেখেছি, দেখে ভালো মনে হচ্ছে। আশা করি, ভালো উইকেটে আমরা খেলব।”

বাংলাদেশ এই আসরে খেলছে মূল জাতীয় দল নিয়ে। পাকিস্তান দলে জাতীয় দলের তারকাদের অনেকেই থাকলেও পুরোপুরি জাতীয় দল এটি নয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ক্রিকেটও সামগ্রিকভাবে টালমাটাল নানা বিতর্কে। তবে তাদেরকে যথেষ্ট শক্তি প্রতিপক্ষই মনে করছেন ইয়াসির।

“(পাকিস্তান দলকে) আমি নড়বড়ে বলব না, তারা ভালো দল। ক্রিকেটের মাঠে যখন আমরা নামি, সবাই ভালো দল। যে দল ভালো খেলবে, তারা জিতবে। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলব।

প্রতিটি দলের বিপক্ষেই আমাদের প্রক্রিয়া অনুসরণ করা ও ইতিবাচক ক্রিকেট খেলা উচিত। বাকিটা উইকেট দেখে এবং আবহাওয়ার ওপর অনেকটা নির্ভর করছে।”

আবহাওয়া বাধা হয়ে না দাঁড়ালে আইচির নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ-পাকিস্তানের লড়াই শুরু বৃহস্পতিবার সকাল ৬টায়। দ্বিতীয় সেমি-ফাইনালে সকাল ১১টায় শুরু হওয়ার কথা ভারত-শ্রীলঙ্কার লড়াই।

সংবিধান সংশোধনে দুই-তৃতীয়াংশের ফাঁদ: ইতিহাসের পুনরাবৃত্তি নাকি জনস্বার্থ?

‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু তালা ঝুলানো নয়

ডলারের অঙ্ক বাড়ে, শ্রমিকের হিসাব মেলে না

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

জাতীয়