আয়ারল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নূরে আলম বৃহস্পতিবার মিশনে যোগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
আয়ারল্যান্ডে চালু হওয়া বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে।
ডাবলিন শহরের বলসব্রিজ কূটনৈতিক অঞ্চলের আলেকজান্দ্রা হাউসে একটি অস্থায়ী চ্যান্সারি অফিসে দূতাবাসের প্রশাসনিক কাজ শুরুর তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, আয়ারল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নূরে আলম বৃহস্পতিবার মিশনে যোগ দিয়েছেন। শিগগির আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বর্তমানে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে বসবাস করছেন। ক্রমান্বয়ে পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য কনসুলার সেবা শুরু করবে দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডাবলিন বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমের সূচনা বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক। এর মধ্য দিয়ে দুদেশের দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে।
“এই দূতাবাসটি চালুর ফলে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। পাশাপাশি আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা জোরদার করার জন্যও দূতাবাস কাজ করবে।”
মন্ত্রণালয় বলেছে, আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করছে বাংলাদেশ সরকার।
ভাঙচুর, দখল: ভাবমূর্তি ও জনআস্থার সংকট
৪৭-এর পাকিস্তানপ্রত্যাখ্যান ও ৭১-এর বাংলাদেশবিরোধিতা: জামায়াতের রাজনৈতিক স্ববিরোধ
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: শুধু সুদের হার নয়, প্রয়োজন সমন্বিত নীতি

