রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে রাড্ডা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাজ্জাদ হোসেন মিশু (৩৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।

গ্রেপ্তার মিশু শাহআলী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা কমিটির সাবেক সদস্য ও বর্তমানে ঢাকা জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাকিব খান। তিনি টিবিএকে বলেন, 'গতকাল রাতে আমিনবাজার এলাকা থেকে মিশুকে গ্রেপ্তার করা হয়।'

গত ২৫ সেপ্টেম্বর রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে এক্সকাভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে শাহ আলী থানার তৎকালীন ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

এদিকে ঘটনায় রাজনৈতিকভাবে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও বিলুপ্ত করা হয় এবং কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিও বৃহস্পতিবার (১ অক্টোবর) পদত্যাগ করেছেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়