ঢাকা মেডিকেলের টয়লেটে যার লাশ ঝুলছিল, তিনি বারডেমের নার্স

“ভেতরে অনেক রহস্য আছে; আমরা সেগুলো বের করার চেষ্টা করছি,” বলেন শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টয়লেট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া মৃত নারীর পরিচয় মেলার কথা বলেছে পুলিশ।

তন্ময় মণ্ডল নামে ওই নারী বারডেম জেনারেল হাসপাতালে জ্যেষ্ঠ নার্স হিসেবে কর্মরত ছিলেন বলে সোমবার বিকালে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।

ওসি বলেন, প্রায় এক মাস আগে ওই নারী সেখানে কাজ শুরু করেছিলেন।

“প্রাথমিকভাবে ঘটনা সম্পর্কে এসব তথ্য জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।”

এটি হত্যাকাণ্ড কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, “ভেতরে অনেক রহস্য আছে। আমরা সেগুলো বের করার চেষ্টা করছি।

“ওই নারী তার এক বান্ধবীর এনআইডি কার্ড দিয়ে মোবাইলের একটি সিম কার্ড তুলেছিলেন। এ ঘটনাসহ আরও কিছু বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।”

এদিন সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের ৪ নম্বর টয়লেট থেকে তন্ময়ের লাশ উদ্ধার করা হয়।

এর কয়েক ঘণ্টা আগে হাসপাতালের প্রশাসনিক ব্লকের সামনে পাওয়া যায় একটি রক্তমাখা ছুরি। হাঁটাপথে দুটি স্থানের দূরত্ব মিনিট পাঁচেকের।

লাশ উদ্ধারের পর পরিচ্ছন্নতাকর্মী মাহমুদ শেখ বলেন, সকালে হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় টয়লেট পরিষ্কার করতে যান তিনি। নিয়ম অনুযায়ী কক্ষগুলোর দরজায় নক করে ভেতরে থাকা ব্যক্তিদের বের হতে বলেন।

৪ নম্বর কক্ষের দরজায় নক করার পর দীর্ঘ সময়েও সাড়া না পাওয়ায় তার সন্দেহ হয়। পরে সহকর্মী রাসেল ও কামালের সহযোগিতায় দরজা খুলে ভেতরে ওই নারীকে রক্তাক্ত ও ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে ভাষ্য মাহমুদ শেখের।

জাতীয়