ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

বাংলাদেশে প্রায় ৪ কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছে জাপানের বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশন। দেশে প্রথমবারের মতো সরাসরি কার্যক্রম শুরু করতে গাড়ি বিক্রি, মেরামত ও খুচরা যন্ত্রাংশ সরবরাহের জন্য দুটি থ্রিএস (৩এস) সেন্টার স্থাপন করবে প্রতিষ্ঠানটি। আগামী নভেম্বর থেকে কেন্দ্র দুটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে কেন্দ্র দুটি স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি কার্যক্রম শুরু করবে জাপানের এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।

ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান রচি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চলতি মাসেই টয়োটার প্রায় ৪ কোটি ডলার বা ৫০০ কোটি টাকার সরাসরি বিদেশি বিনিয়োগ নিশ্চিত হয়েছে।

তিনি বলেন, "টয়োটা বাংলাদেশে প্রথমবারের মতো দুটি থ্রিএস (৩এস) সেন্টার চালু করবে। আগামী নভেম্বরে এগুলোর নির্মাণকাজ শুরু হবে।" কেন্দ্র দুটি স্থাপনের জন্য ইতোমধ্যে জায়গাও নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

থ্রিএস সেন্টারে একই ছাদের নিচে গাড়ি বিক্রি, মেরামত ও খুচরা যন্ত্রাংশ সরবরাহের ব্যবস্থা থাকে। ফলে গ্রাহকেরা এক জায়গা থেকেই এসব সেবা নিতে পারেন।

এত দিন বাংলাদেশে স্থানীয় ডিলার ও পরিবেশকদের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছে টয়োটা। নতুন দুটি সেন্টার চালুর মাধ্যমে প্রথমবারের মতো দেশে সরাসরি কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি।

ইনভেস্ট বাংলাদেশের ওই সদস্য জানান, বিনিয়োগটি দেশে আনতে গত পাঁচ থেকে ছয় মাস ধরে টয়োটার সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে আসছিলেন তারা।

এদিকে, বাংলাদেশে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি (এইচইভি) উৎপাদনের কারখানা স্থাপনের পরিকল্পনা করছে টয়োটা সুসো করপোরেশন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে এ প্রকল্পের কাজ শুরু এবং ২০২৯ সালের মধ্যে পুরোদমে গাড়ি উৎপাদন শুরুর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, 'বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য'—এই উন্নয়ন দর্শনকে সামনে রেখে যথাসময়ে দেশে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ি উৎপাদনের কারখানা স্থাপনের কাজ শুরু করবে টয়োটা সুসো করপোরেশন।

গত ৬ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টয়োটা সুসো করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকের পর এ তথ্য জানানো হয়।

বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত রাখবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়