বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত

অর্থ বাণিজ্য ডেস্ক

দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিদেশি বিনয়োগ ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে রাজধানীতে একদিনের আন্তর্জাতিক সম্মেলন ও ইনভেস্টরস এক্সপো অনুষ্ঠিত হয়েছে। ‘ফিকি এফডিআই কনফারেন্স-২০২৬: ড্রাইভিং ফরেন ইনভেস্টমেন্ট ফর জবস অ্যান্ড প্রোসপারিটি ইন বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক, দেশি-বিদেশি বিনয়োগকারী এবং বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মূল অনুষ্ঠান শুরুর আগে তিনি এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

আন্তর্জাতিক এই আয়োজনের মূল উদ্যোক্তা ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। আয়োজকরা জানান, বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে চূড়ান্ত উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এই রূপান্তরকালীন সময়ে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে এবং বিপুল কর্মসংস্থান তৈরি করতে প্রচুর পরিমাণ বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) প্রয়োজন। বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতেই এই বহুমাত্রিক আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এবারের সম্মেলনে দেশ ও বিদেশের প্রায় ৬০০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। এদের মধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, বিদেশি কূটনীতিক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রধান, শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানির সিইও এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতারা অন্তর্ভুক্ত ছিলেন।

দিনব্যাপী চলা বিভিন্ন কার্য অধিবেশনে নীতি-নির্ধারণী সংস্কার, ব্যবসায়িক খরচ কমানো, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়া সহজীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে উপস্থিত বক্তারা উল্লেখ করেন, বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগ পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত করা জরুরি। বিশেষ করে কর ব্যবস্থা সংস্কার, অবকাঠামোগত সুবিধা বাড়ানো এবং দীর্ঘমেয়াদী নীতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন উপস্থিত উদ্যোক্তারা।

সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ‘ফিকি এফডিআই রিপোর্ট’। এই গবেষণামূলক প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান বিনিয়োগ জলবায়ু বিশ্লেষণ করে টেকসই প্রবৃদ্ধি অর্জনের জন্য সুনির্দিষ্ট কিছু সুপারিশ তুলে ধরা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, তৈরি পোশাক এবং তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা খাতে বিদেশি বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। তবে বহুজাতিক কোম্পানিগুলোর প্রাত্যহিক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেসব প্রশাসনিক বিলম্ব ও নীতিগত অনিশ্চয়তা রয়েছে, তা দূর করা না গেলে কাক্সিক্ষত গতিতে এফডিআই প্রবাহ বাড়বে না।

সম্মেলনের সমাপনী বক্তব্যে অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে দ্রুত আইনগত ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন। সরকারি এবং বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হলে বাংলাদেশ তার বৈশ্বিক অর্থনৈতিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ