অপরাধ ডেস্ক
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, ঢাকা মহানগরীর আটটি অপরাধ বিভাগ ও গোয়েন্দা পুলিশের যৌথ উদ্যোগে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, অভিযানে ওয়ারী বিভাগ থেকে সর্বাধিক ১০৪ জন এবং মিরপুর বিভাগ থেকে ৮৩ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগে ৭৪, মতিঝিলে ৪৯, লালবাগ ও গুলশানে ৩৮ জন করে, উত্তরা বিভাগে ৩৫, রমনা বিভাগে ২১ এবং গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার হন।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা এবং ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি অপরাধে ব্যবহৃত বা চোরাই সন্দেহে একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, কাটিং সরঞ্জাম ও চাকু জব্দ করা হয়েছে। একই সাথে পুলিশের এ অভিযানে একজন অপহৃত বা ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের ধারাবাহিক তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।


