সংস্কৃতি ডেস্ক
অনুমতি জটিলতা ও ভেন্যুসংকটসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে বর্ষা মৌসুমে আবারও সরগরম হয়ে উঠেছে রাজধানীর সংগীত প্রাঙ্গণ। আগামী ২৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ঢাকার বিভিন্ন ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে ছয়টি বড় মাপের কনসার্ট ও সংগীতানুষ্ঠান। দেশি-বিদেশি তারকা শিল্পীদের পদচারণায় ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে।
২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটসংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্ট। এর আগে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া এই আয়োজনটি প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের পাশাপাশি এতে সংগীত পরিবেশন করবে দেশীয় জনপ্রিয় ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
একই দিন (২৪ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সম্মাননা স্মারক গ্রহণের পর তিনি পরিবেশন করবেন তাঁর পছন্দের ১০টি কালজয়ী গান। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নিয়মিত উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানের প্রবেশপত্রের অর্থ বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হবে।
৩০ জুলাই সন্ধ্যায় তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে তরুণ শিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার দ্বৈত পরিবেশনা ‘মেলোডি মোজাইক: মোজি অ্যান্ড কোং’।
৩১ জুলাই ঢাকায় নির্ধারিত রয়েছে দুটি ট্রিবিউট কনসার্ট। মাইকেল জ্যাকসনের স্মৃতি স্মরণে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’, যেখানে গান পরিবেশন করবে হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ। অন্যদিকে, একই দিনে বনানীর বাটারনোট ক্যাফেতে অঞ্জন দত্তের গানের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠিত হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে…’ শীর্ষক সংগীতানুষ্ঠান। এতে গায়ক জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র অঞ্জন দত্তের জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের গান পরিবেশন করবেন।
সংগীতভিত্তিক এই আয়োজনের সমাপ্তি ঘটবে ১ আগস্ট। ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের একক কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড’। স্থগিত হওয়া এই কনসার্টটির নতুন তারিখ নির্ধারিত হওয়ায় সংগীতপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।


