মালয়েশিয়ার কেদাহ ডিপো পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধি দলের, ২৬ ট্রাভেল পারমিট ইস্যু

মালয়েশিয়ার কেদাহ ডিপো পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধি দলের, ২৬ ট্রাভেল পারমিট ইস্যু

আন্তর্জাতিক ডেস্ক

মালয়েশিয়ার কেদাহ রাজ্যের বেলান্তিক ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। পরিদর্শনের সময় ডিপোতে আটক থাকা ৯৬ জন বাংলাদেশি প্রবাসী কর্মীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের এই প্রতিনিধি দল ইমিগ্রেশন ডিপোটি সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে আটক কর্মীদের মানবিক দিক বিবেচনায় নিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি কথা বলার বিশেষ ব্যবস্থা করা হয়। একই দিনে প্রয়োজনীয় প্রক্রিয়া ও দ্রুত নাগরিকত্ব যাচাই শেষে ২৬টি ট্রাভেল পারমিট ইস্যু করে ডিপো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে দূতাবাস। অবশিষ্ট আটক কর্মীদের ট্রাভেল পারমিটও অতি দ্রুত যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মালয়েশিয়ায় অবস্থানরত অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য দেশটির সরকার বিশেষ সুযোগ চালু রেখেছে। এই প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা প্রদান করে কোনো ধরনের দীর্ঘমেয়াদি আইনি বা শারীরিক শাস্তির মুখোমুখি না হয়ে নিজ দেশে ফেরার বিধান রয়েছে। এই ব্যবস্থা চালু থাকা সত্ত্বেও দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিয়মিত অভিবাসনবিরোধী অভিযান ও ধরপাকড় অব্যাহত রয়েছে। ফলে দেশের বিভিন্ন রাজ্যের জেলখানায় সাজার মেয়াদ শেষ করার পর নিজ দেশে ফেরার অপেক্ষায় অসংখ্য বাংলাদেশি নাগরিক বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে আটক অবস্থায় দিন কাটাচ্ছেন।

ডিপো বা ক্যাম্পে থাকা এসব বাংলাদেশিদের আইনি আইডেন্টিটি নিশ্চিত করে দ্রুততম সময়ে স্বদেশে ফেরত পাঠানোর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ হাইকমিশন। এর অংশ হিসেবে দূতাবাসের একাধিক প্রতিনিধি দল নিয়মিত দেশটির বিভিন্ন ইমিগ্রেশন ডিপো পরিদর্শন করছে এবং দ্রুত ট্রাভেল পাস বা পারমিট ইস্যু করার ব্যবস্থা গ্রহণ করছে।

মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক বৈঠক অব্যাহত রেখেছে বাংলাদেশ দূতাবাস। বৈঠকে আটক প্রবাসীদের প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে পাঠানোর বিষয়ে আলোচনা জোরদার করা হয়েছে।

পূর্বে সাজাভোগ শেষ করা প্রবাসীদের পক্ষ থেকে দূতাবাস বা প্রবাসীদের তদারকির অভাব নিয়ে ক্ষোভ থাকলেও বর্তমান প্রশাসনের অধীনে নিয়মিত ডিপো পরিদর্শন ও প্রশাসনিক তদারকি বৃদ্ধির ফলে প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং এই বিষয়ে ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ