খেলাধুলা ডেস্ক
ব্রাজিলীয় ফুটবল তারকা নেইমার জুনিয়র তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ার এবং ক্লাবে অবস্থান নিয়ে নিজের সিদ্ধান্ত স্পষ্ট করেছেন। আগামী ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ পূর্ণ করার কথা জানালেও, ২০২৭ সালে মাঠে থাকা বা ফুটবল থেকে অবসর নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই ফরোয়ার্ড।
নিজের দাতব্য সংস্থা ‘ইনস্টিটিউট নেইমার জুনিয়র’-এর বার্ষিক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৩ বছর বয়সী এই ফুটবলার জানান, চুক্তি শেষ হওয়ার পর তিনি পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববেন। এখনই অবসর না নিলেও খেলা কতদিন চালিয়ে যাবেন সে বিষয়ে তিনি নিশ্চিত নন। সান্তোসে থাকা, নতুন কোনো ক্লাবে যোগ দেওয়া কিংবা খেলা ছেড়ে দেওয়ার সব বিকল্পই তাঁর বিবেচনাধীন রয়েছে।
কোপা দো ব্রাজিলের পরবর্তী ম্যাচে রেমোর মুখোমুখি হতে যাচ্ছে সান্তোস। শারীরিকভাবে প্রস্তুত থাকার কথা জানিয়ে উক্ত ম্যাচে নিজের সেরাটা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নেইমার। একই সাথে নিজের প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংস্থাকে খেলোয়াড়ি জীবনের সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।


