ইউটিউবে মনিটাইজেশনের শর্ত কঠিন হচ্ছে: ওয়াচ টাইম ও ভিউয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ

ইউটিউবে মনিটাইজেশনের শর্ত কঠিন হচ্ছে: ওয়াচ টাইম ও ভিউয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে কনটেন্ট তৈরি করে আয়ের ক্ষেত্রে নতুন ও কঠোর শর্ত যুক্ত হতে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে মনিটাইজেশন সুবিধা চালু করতে ভিডিও ক্রিয়েটরদের জন্য ওয়াচ টাইম ও ভিউয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে।
ঘোষণা অনুযায়ী, নতুন ক্রিয়েটরদের আয় শুরু করার জন্য বিগত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচ টাইম অথবা বিগত ৯০ দিনে ২ কোটি বৈধ ‘শর্টস’ ভিউ অর্জন করতে হবে। বর্তমান নিয়মে পার্টনার প্রোগ্রামে প্রবেশের জন্য প্রয়োজন ১ হাজার সাবস্ক্রাইবার এবং বিগত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ। নতুন এই নির্দেশনার ফলে বিশেষ করে শর্টস নির্মাতাদের জন্য ভিউয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ হচ্ছে।
এই নিয়ম আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে বর্তমানে যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের ওপর নতুন পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে না।
শর্টস থেকে আয়ের ক্ষেত্রে নির্দিষ্ট ভিউ বজায় রাখতে হবে। প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি শর্টস ভিউ না থাকলে ‘শর্টস ক্রিয়েটরস পুল’ থেকে রাজস্ব বন্ধ থাকবে। তবে উক্ত চ্যানেলটি পার্টনার প্রোগ্রামে থেকে দীর্ঘমেয়াদী ভিডিও (লং-ফর্ম কনটেন্ট) থেকে আয় চালিয়ে যেতে পারবে। পরবর্তীতে পুনরায় ৯০ দিনে ১ কোটি ভিউ অর্জন করলে শর্টস থেকে আয় পুনরায় চালু হবে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মের বাণিজ্যিক সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নীতিগত এই পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে বিশ্বব্যাপী প্রতিদিন ২০০ বিলিয়নের বেশি শর্টস এবং টিভিতে প্রায় ১০০ কোটি ঘণ্টার বেশি ভিডিও দেখা হয়। পাশাপাশি ‘ইউটিউব প্রিমিয়াম লাইট’ সেবা নতুন কিছু দেশে সম্প্রসারিত হচ্ছে, যার সাবস্ক্রিপশন আয়ের অংশ ক্রিয়েটররা পাবেন। এই মডেলে দীর্ঘ ভিডিও নির্মাতারা ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা ৪৫ শতাংশ রাজস্ব পাবেন।
তথ্য প্রুযুক্তি শীর্ষ সংবাদ