জাতীয় ডেস্ক
দেশের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষে বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাতজন কর্মকর্তাকে বদলি, পদায়ন ও প্রত্যাহার করেছে সরকার। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রশাসন ক্যাডারের অভ্যন্তরীণ এই রদবদলের আওতায় দুই কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। এছাড়া তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব এবং একজনকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। অপর এক আদেশে আগের একটি বদলির সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ঢাকার নবাবগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামকে বদলি করে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে। এর আগে তাকে শরীয়তপুরের এডিসি হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল, যা নতুন আদেশে সংশোধন করা হলো। অন্যদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ইউএনও সাগুফতা হককে বদলি করে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। পূর্বে তাকে মুন্সীগঞ্জের এডিসি হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী এই দুই কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রদান করা হয়েছে।
এ ছাড়াও মাঠ প্রশাসনের অন্যান্য স্তরেও পরিবর্তন আনা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা বেগমকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও মাহমুদুল হাসান রাসেলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব পদে পদায়ন করা হয়েছে।
মাধপ্রশাসনের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা জোরদারের অংশ হিসেবে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তারকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী পদায়নের লক্ষ্যে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট জারী করা অন্য একটি প্রজ্ঞাপনে ঢাকার কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াকে প্রত্যাহার করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। বর্তমান আদেশে সেই পূর্বের নির্দেশনাটি বাতিল করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রশাসনিক কাঠামোর গতিশীলতা বজায় রাখতে এবং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাঠ প্রশাসন ও সচিবালয়ের বিভিন্ন পর্যায়ে এ ধরনের রদবদল একটি নিয়মিত প্রক্রিয়া। এর মাধ্যমে সরকারের নীতি বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে সেবার মান আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।


