যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে যৌথ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তে যৌথ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সশস্ত্র বাহিনী দেশটির সীমান্তবর্তী এল পাসো ও সিউদাদ হুয়ারেস শহরের নিকটবর্তী এলাকায় যৌথ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে। দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে মাদক পাচার প্রতিরোধ এবং সামগ্রিক নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে এই কৌশলগত মহড়া অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এই অঞ্চলটি কুখ্যাত হুয়ারেস মাদক পাচারকারী অপরাধচক্রের মূল কার্যক্রমের এলাকা হিসেবে পরিচিত। গত মাসেই ওয়াশিংটন এই অপরাধচক্রকে আনুষ্ঠানিককভাবে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে। এর আগে সিনালোয়া মাদক চক্র এবং জালিস্কো নিউ জেনারেশনের মতো প্রভাবশালী অপরাধসংগঠনগুলোকেও একই রকম সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকার ভূরাজনৈতিক ও নিরাপত্তাগত গুরুত্ব বৃদ্ধির ফলে দুই দেশের পক্ষ থেকেই এই ধরনের যৌথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পক্ষে বর্ডার প্যাট্রোল এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই-এর সদস্যরা এই নিরাপত্তা মহড়ায় সক্রিয়ভাবে অংশ নেন। অন্যদিকে, মেক্সিকো সরকারের পক্ষ থেকে দেশটির সামরিক বাহিনী এবং ন্যাশনাল গার্ডের সদস্যরা এই যৌথ কার্যক্রমে যুক্ত ছিলেন। দুই দেশের বিপুলসংখ্যক সশস্ত্র পুলিশ ও সামরিক যান রিও গ্রান্ডে নদীর তীরবর্তী সীমান্ত এলাকায় টহল দেয়। উল্লেখ্য, রিও গ্রান্ডে নদীটি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর প্রাকৃতিক সীমান্ত হিসেবে বিবেচিত এবং মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এই জলসীমা ও তীরবর্তী এলাকায় সর্বদা কঠোর নজরদারি বজায় রাখা হয়।
মহড়ার অংশ হিসেবে আকাশপথেও বিশেষ অপারেশন পরিচালিত হয়। নিরাপত্তাকর্মী ও বিশেষায়িত দলের সদস্যরা সামরিক হেলিকপ্টার ব্যবহার করে মহড়া এলাকায় অংশ নেন এবং দড়ি বেয়ে নিচে নেমে দ্রুততদন্ত ও কৌশলগত দক্ষতার প্রদর্শন করেন। দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়াতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, গত বছর ডোনাল্ড ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসে আসীন হওয়ার পর থেকেই দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্র অভ্যন্তরে অবৈধ অভিবাসী এবং মাদক প্রবেশ রোধে মেক্সিকো সরকারের ওপর কূটনৈতিক ও কৌশলগত চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ওয়াশিংটনের এই ধারাবাহিক চাপের মুখে মেক্সিকোও সীমান্ত নিরাপত্তা রক্ষায় কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছে, যার সর্বশেষ উদাহরণ এই দ্বিপক্ষীয় মহড়া। এই যৌথ নিরাপত্তা পদক্ষেপ দুই দেশের মধ্যকার সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী অপরাধচক্রগুলোর বিরুদ্ধে লড়াইয়ে একটি নতুন মাত্রা যোগ করেছে।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ