জাতীয় ডেস্ক
দেশের ১৮ কোটি মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। তিনি জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, সবুজ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি ১৪টি এতিমখানা এবং ৭টি সমাজকল্যাণ সংস্থার মাঝে সরকারি অনুদানের ৩০ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বিগত সময়ের সরকারের সমালোচনা করে বলেন, দেশ একটি বড় ধরনের চ্যালেঞ্জ ও ধ্বংসস্তূপের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে। বিদ্যুৎ ও গ্যাস খাতসহ দেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার, দুর্নীতি দমন এবং মাদকমুক্ত সমাজ গঠনে বর্তমান প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
রাজনৈতিক সহনশীলতা ও সামাজিক শৃঙ্খলা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। বিগত সময়ের নৈরাজ্যকর পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট রয়েছে। কোনো ধরনের রাজনৈতিক বা দলীয় বিবেচনা ছাড়াই প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে। ইতোমধ্যে নির্দিষ্ট সংখ্যক পরিবারকে এই কার্ডের আওতায় আনা হয়েছে এবং কোনো ধরনের রাজনৈতিক স্বজনপ্রীতি ছাড়াই স্বচ্ছতার সাথে এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। এছাড়া দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হয়েছে।
চলনবিল অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে তিনি বলেন, এই জনপদের প্রাকৃতিক বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে চলনবিলকে একটি আকর্ষণীয় পর্যটন শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সমাজকল্যাণ সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


