স্বাস্থ্য ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৯৮ শিশু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৮ শিশুর কারো ক্ষেত্রেই রোগটি নিশ্চিতভাবে হাম বলে প্রমাণিত হয়নি। তবে চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯ শিশু। ফলে এই সময়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯০২ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৭০ জন নিশ্চিত হাম রোগী এবং ৭২৮ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭০০ শিশু ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮০০। এই প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শিশুদের হামের ঝুঁকি থেকে সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়ে টিকা প্রদান নিশ্চিত করা এবং সামান্য উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে বর্ষা ও গরমের এই সময়ে ডেঙ্গুর পাশাপাশি হামের প্রাদুর্ভাব বৃদ্ধির ফলে স্বাস্থ্য বিভাগ থেকে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।


