দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

অর্থ বাণিজ্য ডেস্ক
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। শনিবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এবং একই দিন সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বুলিয়ন মার্কেটের মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিতভাবে এই মূল্য সমন্বয় করা হয়ে থাকে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা বা সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে। তবে নির্ধারিত এই দামের সঙ্গে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে নির্ধারিত মজুরি যুক্ত হবে। বাজুস আরও স্পষ্ট করেছে যে, স্বর্ণালঙ্কার ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। পাশাপাশি সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরনো অলঙ্কার পরিবর্তন বা বিক্রির ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মই বহাল থাকবে।
অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ