আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ এবং হরমুজ প্রণালিতে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন পরিদর্শন শেষে তাঁর ১০ দিনের সফর সম্পন্ন করেছেন।
মার্কিন সামরিক বাহিনীর সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, এই সফরে কুপার বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি আঞ্চলিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মার্কিন সেনা ও নাবিকদের সঙ্গেও মতবিনিময় করেন। চলতি বছর এটি ছিল রণতরীটিতে তাঁর দ্বিতীয় সফর। কুপার এই মোতায়েনকে আধুনিক যুগের অন্যতম তীব্র সামরিক অভিযান হিসেবে উল্লেখ করে ক্রুদের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করেন।
সান দিয়েগো ভিত্তিক ইউএসএস আব্রাহাম লিংকন গত বছর নভেম্বর মাসে মূল ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছায়। চলতি বছরের শুরু থেকে রণতরীটি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ কার্যকরে অংশ নিয়ে আসছে। এই সময়কালে রণতরীটির পক্ষ থেকে হাজার হাজার সামরিক মিশন পরিচালনা করা হয়েছে।
এদিকে দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান করায় রণতরীটির নাবিক ও সেনাদের কর্মপরিবেশ, মানসিক চাপ এবং রসদ সংকট নিয়ে পরিবারের সদস্য ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা হিসেবে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। নতুন রণতরীটি দায়িত্ব গ্রহণের পর ইউএসএস আব্রাহাম লিংকনকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন করে লিংকনয়ের মূল ভূখণ্ডে ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।


