রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির উদ্যোগ: ভূমিমন্ত্রী

রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির উদ্যোগ: ভূমিমন্ত্রী

অর্থ-বাণিজ্য ডেস্ক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর তাজা মাছ আন্তর্জাতিক বাজারে রপ্তানির লক্ষ্যে রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণ এবং কার্গো বিমান চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। রবিবার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, স্থানীয় মৎস্যচাষিদের উৎপাদিত মাছ সরাসরি বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। রাজশাহীর আশপাশের খাল-বিল ও জলাশয়গুলোকে বিজ্ঞানসম্মত উপায়ে মাছ চাষের উপযোগী করা হবে, যাতে চাষিরা উন্নত মানের মাছ উৎপাদন করে রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন।
অনুষ্ঠানে ভূমির পাশাপাশি মিঠা পানির বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষস্থানীয় অবস্থান নিশ্চিত করেছে। ভবিষ্যৎ বিশ্বে প্রাকৃতিক মিষ্টি পানির চাহিদা পেট্রোলিয়ামের চেয়েও মূল্যবান হয়ে উঠবে। বাংলাদেশ প্রাকৃতিকভাবে মিষ্টি পানির এক বিশাল আধার হওয়ায় মৎস্য খাতের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল।
এর আগে দিবসটি উপলক্ষে ভূমিমন্ত্রী রাজশাহী কালেক্টরেট পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
জাতীয় শীর্ষ সংবাদ