নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার, জানাল আইন মন্ত্রণালয়

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার, জানাল আইন মন্ত্রণালয়

জাতীয় ডেস্ক
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আগামী শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির শপথ পাঠ পরিচালনা সংক্রান্ত আইনি জটিলতা নিরসনে মন্ত্রিপরিষদ বিভাগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মতামত চেয়েছিল। আইন মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা শেষে জানায়, ভারপ্রাপ্ত স্পিকারের রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো সাংবিধানিক বা আইনি বাধা নেই।
মন্ত্রণালয়ের আইনগত মতামতে উল্লেখ করা হয়েছে, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ পরিস্থিতিতে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধানমতে, স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার তাঁর সার্বিক দায়িত্ব ও ক্ষমতা প্রয়োগ করছেন।
আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে ডেপুটি স্পিকার বর্তমানে স্পিকারের সকল সাংবিধানিক দায়িত্ব পালন করায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনার জন্যও তিনি যথাযথ কর্তৃপক্ষ।
জাতীয় শীর্ষ সংবাদ