জাতীয় ডেস্ক
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর গভীর চাপ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি উল্লেখ করেন, এই সংকটের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলে মাদক পাচার, চোরাচালানসহ বিভিন্ন ধরনের আন্তঃসীমান্ত অপরাধ বৃদ্ধি পাচ্ছে, যা সামগ্রিক জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত এলাকার বহুমাত্রিক চ্যালেঞ্জগুলো তুলে ধরে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ বর্তমানে একাধিক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে রোহিঙ্গা সংকট পরিবেশগত বিপর্যয় ও অর্থনৈতিক বোঝার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনাতেও সংকট তৈরি করছে। একইসঙ্গে সীমান্ত ইস্যু, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অস্থিতিশীলতা ও বিচ্ছিন্নতাবাদী প্রবণতা এবং চলমান জ্বালানি সংকটের মতো বিষয়গুলো দেশের অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।
তিনি উল্লেখ করেন, এসব জটিল জাতীয় সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সঠিক কৌশল এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই টেকসই সমাধানের পথ তৈরি হতে পারে। এনডিসির মতো উচ্চপর্যায়ের জাতীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত কৌশলগত কোর্সগুলো জাতীয় সমস্যা বিশ্লেষণে এবং উপযুক্ত সমাধানের রূপরেখা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
ক্যাপস্টোন কোর্সের তাৎপর্য তুলে ধরে সেনাপ্রধান বলেন, এই কোর্সে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ও দক্ষ ব্যক্তিরা অংশ নিয়ে থাকেন। এবার অংশগ্রহণকারী ৩৭ জন ফেলোর মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জ্যেষ্ঠ চিকিৎসক, বিচারক, আইনজীবী, শীর্ষ আমলা ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বিভিন্ন পেশা ও ব্যাকগ্রাউন্ড থেকে আসা এই দক্ষ ব্যক্তিরা যখন একটি প্ল্যাটফর্মে একত্রিত হয়ে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেন, তখন জাতীয় সমস্যাগুলোর বহুমুখী দৃষ্টিভঙ্গি উন্মোচিত হয়।
তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান ও প্রজ্ঞা রয়েছে আপনাদের। অর্জিত এই জ্ঞান, প্রজ্ঞা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে রাষ্ট্রের নীতি প্রণয়ন, কার্যকর আইন প্রণয়ন এবং সমস্যা নিরসনের রূপরেখা তৈরিতে আপনারা সরাসরি ভূমিকা রাখতে পারেন। পেশাগত ভিন্নতা থাকা সত্ত্বেও এই কোর্সের মাধ্যমে তৈরি হওয়া পারস্পরিক বোঝাপড়া ও পেশাদার নেটওয়ার্ক ভবিষ্যতে জাতীয় প্রয়োজনে একটি বড় ধরনের প্রাতিষ্ঠানিক সমন্বয় ও শক্তি তৈরি করতে সহায়ক হবে।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও জানান, বিভিন্ন দৃষ্টিভঙ্গিসম্পন্ন বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের যৌথ চিন্তাভাবনা রাষ্ট্রের কাঠামোগত দুর্বলতা দূর করতে প্রয়োজনীয় সিনার্জি তৈরি করে। জাতীয় অগ্রগতি ও দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে এ ধরনের যৌথ উদ্যোগ এবং প্রাতিষ্ঠানিক সংযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোর্সটি সফলভাবে পরিচালনা করার জন্য এনডিসির কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি সদস্য এবং সংশ্লিষ্ট সব সামরিক-অসামরিক কর্মকর্তা ও কর্মচারীকে ধন্যবাদ ও সাধুবাদ জানান সেনাপ্রধান। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নীতিনির্ধারণী পর্যায়ে অবদান রাখতে সক্ষম দক্ষ নেতৃত্ব তৈরিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ ভবিষ্যতেও এ ধরনের উচ্চমানের কৌশলগত প্রশিক্ষণ কোর্স অব্যাহত রাখবে।


