তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

জাতীয় ডেস্ক
মোকামতলা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক শক্তির মূল ভিত্তি হলো দেশের সাধারণ জনগণ। জনগণের সার্বিক কল্যাণ সাধন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন কাজ করে গেছেন।
শনিবার মোকামতলা উপজেলায় নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির এক পরিচিতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও সাধারণ মানুষের কল্যাণে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং শীর্ষ নেতৃত্বের দূরদর্শী রাষ্ট্রচিন্তাই তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীদের পথচলার মূল প্রেরণা।
তিনি আরও জোর দিয়ে বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে জাতীয় ঐক্য ও সুসংগঠিত কাঠামোর কোনো বিকল্প নেই। এই আদর্শকে মূল ভিত্তি ধরে তৃণমূল পর্যায়ে দলের প্রতিটি ইউনিটকে আরও সক্রিয়, সুদৃঢ় এবং নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে।
উক্ত পরিচিতিসভায় নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
জাতীয় শীর্ষ সংবাদ