জাতীয় ডেস্ক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত রাজনৈতিক উপদেষ্টা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে উপস্থিত হয়ে তিনি পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান। একই সাথে তিনি সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের প্রতি সম্মান জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির জ্যেষ্ঠ নেতৃত্বের পাশাপাশি তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুম রাষ্ট্রপতির রুহের মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী এলাকা বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বরিশাল জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। এছাড়া গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলাসহ পার্শবর্তী বিভিন্ন উপজেলার আহ্বায়ক, সদস্য সচিব এবং বিভিন্ন পৌর ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে দায়িত্ব গ্রহণের পর নিজ রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের প্রতি সম্মান প্রদর্শন রাজনৈতিক শিষ্টাচারের অংশ। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এই ধরনের আনুষ্ঠানিকতা মাঠপর্যায়ের সাংগঠনিক যোগাযোগকে আরও সুসংহত করতে ভূমিকা রাখে।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন রাজনৈতিক উপদেষ্টা। এসময় দলের ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রম ও সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নেতৃবৃন্দের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হয়।


