নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে, নিখোঁজ প্রায় আড়াই হাজার

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে, নিখোঁজ প্রায় আড়াই হাজার

আন্তর্জাতিক ডেস্ক
নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। দেশজুড়ে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মধ্যে আজ রবিবার (৩০ আগস্ট) সকালে দেশটির সরকার প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এই পরিসংখ্যান জানানো হয়েছে। একইসঙ্গে এই প্রলয়ংকরী বন্যায় এখনো ২ হাজার ৪৯৮ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে কতৃপক্ষ।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ৭৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চিতাওয়ান জেলা; এই অঞ্চলেই সর্বোচ্চ ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি এবং পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২টি মরদেহ পাওয়া গেছে। অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাধলিংয়ে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং রাসুয়া জেলা থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাসুয়া জেলায় আঘাত হানা আকস্মিক বন্যাটি এতটাই তীব্র ও শক্তিশালী ছিল যে, পানির স্রোতে অনেক মরদেহ ভেসে কয়েকশ মাইল দূরে চলে গেছে। এদিকে দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হওয়ায় এবং কিছু কিছু এলাকা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অনেক এলাকায় সড়কপথ বা পায়ে হেঁটে যাওয়ার সুযোগ না থাকায় হেলিকপ্টারের মাধ্যমে কেবল উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে। গত চার দিন ধরে এই আকাশপথের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
পরিস্থিতির ভয়াবহতার কারণে মর্গে স্থানসংকুলান না হওয়ায় এবং পর্যাপ্ত ফ্রিজার না থাকায় বিশেষ ব্যবস্থায় মরদেহ দাফন বা সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে স্বজনদের শনাক্তকরণের সুবিধার্থে প্রতিটি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজদের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরও অনেক বেশি হতে পারে, কারণ অনেক পাহাড়ি ও দুর্গম এলাকার সঙ্গে এখনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং নিখোঁজদের সন্ধানে মাঠপর্যায়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক শীর্ষ সংবাদ