চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

জাতীয় ডেস্ক
দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েক্ষিয়ায় উন্নত চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর রাতে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
রোববার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে দীর্ঘ চিকিৎসা ও মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণ শেষে মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার দিকে রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত মার্চ মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর প্রথমে তাকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে জটিলতা ধরা পড়ে এবং অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে পরবর্তী বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানে দীর্ঘদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার থেরাপি ও অন্যান্য চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
রাজনৈতিক অঙ্গনে মির্জা আব্বাস একজন প্রবীণ নেতা এবং ঢাকা মহানগর রাজনীতিতে তার দীর্ঘ সক্রিয় ভূমিকা রয়েছে। তার এই স্বদেশ প্রত্যাবর্তন দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর এবং শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি ঘটায় তিনি নিয়মিত রাজনৈতিক কার্যক্রমে পুনরায় যুক্ত হতে পারেন বলে দলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।
জাতীয় শীর্ষ সংবাদ