উন্নয়ন কর্মকাণ্ডে কোনো গ্রুপিং বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের স্থান নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উন্নয়ন কর্মকাণ্ডে কোনো গ্রুপিং বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের স্থান নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক
উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন বা গ্রুপিং থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সরকার যেসব উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছে, তার সুফল যথাযথভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। ব্যক্তিবিশেষের পছন্দ বা অপছন্দ এখানে মুখ্য বিষয় নয়; বরং যিনি বা যারা উন্নয়নমূলক কাজে অংশ নেবেন, তাদের স্বাগত জানাতে হবে। উন্নয়নকে পাশ কাটিয়ে বা অগ্রাহ্য করে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠে ‘ইউএই এইড’-এর সৌজন্যে আয়োজিত খাদ্যসামগ্রী (ফুডপ্যাক) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুমেল আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির আলী এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের তৃণমূল পর্যায়ে সুষম উন্নয়ন নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা। দলমত নির্বিশেষে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বক্তব্য পর্ব শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ উপজেলার ৭৫০ জন দুস্থ ও উপকারভোগী মানুষের মাঝে ‘ইউএই এইড’-এর পক্ষ থেকে পাঠানো ফুডপ্যাক বা খাদ্যসামগ্রী বিতরণ করেন। আন্তর্জাতিক সহায়তার এই খাদ্যসামগ্রী বিতরণের ফলে এলাকার নিম্নআরায়ের মানুষের সাময়িক খাদ্যাভাব দূর হবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় শীর্ষ সংবাদ