প্রধানমন্ত্রী পূজামণ্ডপে পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাত নেড়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের শুভেচ্ছা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দুর্গাপূজার নবমীতে রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী মন্দিরে পৌঁছালে মন্দির কমিটির সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সাধারণ সম্পাদক খোকন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলার সভাপতি রাম জীবন কুণ্ডু, রংপুর মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় ও সদস্য সচিব পলাশ কান্তি নাগ তাকে অভ্যর্থনা জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই তারেক রহমানের প্রথম রংপুর সফর।
এদিন তারেক রহমান রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপও পরিদর্শন করবেন। তিন মহানগরে পূজামণ্ডপ দেখে রাতে ঢাকায় ফিরবেন।
তিন নগরে দিনব্যাপী এই সফরের জন্য সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সৈয়দপুর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী রংপুরের পথে রওনা হন। যাত্রাপথে সড়কের দুই পাশে শত শত নেতা-কর্মী দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। গাড়ি থেকে প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিতে দেখা যায়।
রংপুরের ঐহিত্যবাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখান থেকে তিনি রাজশাহী গিয়ে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন। বিকাল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেবেন।
এরপর বিকাল ৪টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান।
বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
অনাগত বেতনের আগাম দহন: ২০২৬ নোবেলজয়ীদের তত্ত্বে পে স্কেল ও প্রত্যাশার নোঙর
যুদ্ধ হরমুজে, আগুন ফ্রান্সে: ভূরাজনীতি ও অভ্যন্তরীণ সংকট
পর্যটন খাতে অব্যবস্থাপনা: কাঠামোগত অবহেলায় আর কত প্রাণহানি?
ইউপি নির্বাচনের আগে সরকারি এমপিদের বরাদ্দ বিতর্কের কারণ হতে পারে

