ঢাকা: যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৭ ফ্লাইটটি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি।
বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর কাজ করে। মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা শেষে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়ন করে।
এর আগে, জাপানে চার দিনের সরকারি সফর শেষে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা উড়োজাহাজে উঠলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি উড্ডয়ন করতে পারেনি। পরে প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নেমে যান। আর অন্য যাত্রীদের নেওয়া হয় বিমানবন্দরের লাউঞ্জে।

