রোমাঞ্চকর ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারিয়ে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬’-এর শিরোপা জিতেছে রাইয়ান স্পোর্টস।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রাইয়ান স্পোর্টস। দলের অধিনায়ক ও ওপেনার মো. রনি ২১ বলে ৩৬ রান করে ভালো সূচনা এনে দেন। এরপর তানজীর মিজবাহুল হক ও তালহা জুবায়েরের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি।
তানজীর ৩৪ বলে ৮টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৮২ রান করেন। তালহা ৩৭ বলে করেন ৬৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে রাইয়ান স্পোর্টস। এনএইচটি স্পোর্টসের জায়েদ উল্লাহ ৩০ রানে ৩টি এবং সাইজিবুল আলম ৩৯ রানে ২টি উইকেট নেন।
জবাবে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়ে এনএইচটি স্পোর্টস। তবে সজিবুল আলমের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে দলটি। ৩৬ বলে ৯টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৭৬ রান করেন সজিবুল। মিনহাজ সৌরভ ১৮ বলে ৩৬ এবং অধিনায়ক সাখাওয়াত সাইমন ২৬ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে এনএইচটি স্পোর্টসের ইনিংস।
রাইয়ান স্পোর্টসের হয়ে তানভির ইসলাম ২৯ রানে ৩টি, শহীদুল ইসলাম ১৯ রানে ২টি এবং শাহাদাত হোসেন ৬০ রানে ২টি উইকেট নেন। ফলে ২৬ রানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় রাইয়ান স্পোর্টস।
ফাইনাল শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীরসহ ক্রীড়া ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ী ও কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও স্মারক ক্রেস্ট তুলে দেন।বাংলাদেশ সংবাদ
ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রাইয়ান স্পোর্টসের তানজীর মিজবাহুল হক। ৩৪ বলে ৮২ রানের ইনিংসের জন্য তিনি পান ৩ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট। ফাইনালের গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন একই দলের তালহা জুবায়ের।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন তালহা জুবায়ের। পুরো আসরে তাঁর সংগ্রহ ১৮০ রান। এ স্বীকৃতির জন্য তিনি পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও অরেঞ্জ ক্যাপ। ১২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন রাইয়ান স্পোর্টসের শহীদুল ইসলাম। তিনিও পেয়েছেন ৭ হাজার টাকা, স্মারক ক্রেস্ট ও পার্পল ক্যাপ।
অন্যদিকে, ১৩৫ রান ও ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এনএইচটি স্পোর্টসের সজিবুল আলম। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১৫ হাজার টাকা ও স্মারক ক্রেস্ট।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস ও রানার্সআপ এনএইচটি স্পোর্টসের খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়। এ ছাড়া টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ফোর এইচ গ্রুপের পক্ষে এনাম আহমেদ এবং কো-স্পন্সর রিলায়েন্স স্মার্ট ট্রান্সপোর্ট সলিউশনস, সিকো এরিনা, এনএইচটি হোল্ডিংস, চৌধুরী গ্রুপ, স্পোর্টস বাস্কেট, রিজিক ফ্যাশন ও রূপসী বাংলাসহ অংশগ্রহণকারী দলগুলোকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
আয়োজক প্রতিষ্ঠান স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দায়িয়ান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


