প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানিয়েছে বাংরাদেশ ব্যাংক।
নবনিযুক্ত তিন স্বতন্ত্র পরিচালক হলেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন ও মো. মাসুদুর রহমান শাহ।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারার বিধান অনুযায়ী একই সঙ্গে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের বিষয়টি পরিহারের লক্ষ্যে তাকে প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার জন্য দি প্রিমিয়ার ব্যাংকের নির্দেশনা দেওয়া হয়েছে।

